প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকস্বল্পতার সমাধানে কাজ করছি: শিক্ষামন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৫৬  

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতার দূর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘পাহাড়, হাওর ও চর এলাকায় শিক্ষকস্বল্পতা রয়েছে। এই বাস্তবতা মেনে নিয়েই কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষকস্বল্পতার যে অসুবিধা, তা দূর করতে কাজ করছি।’

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর, চর এসব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, মহিলাবিষয়ক ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।